সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে অসংখ্য পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের ও অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মেহেরপুর জেলার সদর উপজেলার গৌরিপুর মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ৫০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়, যাতে তারা দুর্যোগকালীন এই কঠিন সময়ে ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না; প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সঙ্কটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সঙ্কটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।



