সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ২ রিকশাযাত্রী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন।

Location :

Chattogram
মৃত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালি (বাঁ দিক থেকে)
মৃত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালি (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

সাতকানিয়া ও পটিয়া-চন্দনাইশ সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত রিকশায় যাত্রী ওঠানামার সময় প্রাইভেটকারের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ রাজমনি ক্লাবের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড দাশপাড়ার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) ও একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে বাবুল দে প্রকাশ বালি (৬৫)।

এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার টিকলু বিশ্বাস (৪০), দীলিপ মল্লিক (৬৫) ও প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০), মশিউর রহমান (৪৩)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। এসময় রিকশার যাত্রীসহ আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রনজিত ধর ও বাবুল দে-কে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার পরির্দশক মো: সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও রিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।