আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে হালিমার লাশ উদ্ধার করা হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
গৃহবধূর রহস্যজনক মৃত্যু
গৃহবধূর রহস্যজনক মৃত্যু |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত হালিমা ওই উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো: ইসহাকের মেয়ে। তার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামী মিজানুর রহমান পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ির নবী হোসেনের ছেলে।

মৃতের বাবা মো: ইসহাক অভিযোগ করে বলেন, ‘রোববার সকালে মেয়ের স্বামী ফোন করে জানায়, আমার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, তার পা মাটির সাথে লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে নির্যাতন করত। এসব নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনাস্থল পরিদর্শনকারী মো: বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তখন নিহতের বাবার বাড়ির লোকজন উপস্থিত থাকলেও শ্বশুরবাড়ির সদস্যদের কাউকে পাওয়া যায়নি।