আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ভারত আমাদের অবদমিত করে রাখতে চায়

‘গণভোট আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। তাই আগামীর বাংলাদেশকে সুন্দর, স্বচ্ছ ও ইনসাফের দেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।’

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Ghatail
মঞ্চে দলীয় নেতাকর্মী, (ডানে) বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মঞ্চে দলীয় নেতাকর্মী, (ডানে) বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ভারত আমাদের অবদমিত করে রাখতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই আগ্রাসী মনোভাবের দরজা ভেঙে ফেলা হয়েছে।’

তিনি বলেন, ‘এই পথসভা কেবল একটি নির্বাচনী প্রচারণা নয়, এটি ঘাটাইলের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সংহতি সমাবেশ। আমরা বিশ্বাস করি, ১১ দলীয় ঐক্যজোটের এই জোয়ার ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।’

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারের শাপলা কলি প্রতীকের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি গত ১৬ বছর কিভাবে আপনার পরিবার ও আপনার দলকে নির্যাতন করা হয়েছে। এসব যদি ভুলে যান তাহলে আবারো বিপদ অপেক্ষমান, তখন আর আমরা আপনাদের পাশে থাকব না।’

ভোটারদের সচেতন করে তিনি বলেন, ‘আপনারা ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা, বাবা হারা অথবা স্বামী হারা হবেন।’

গণভোট নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘গণভোট আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। তাই আগামীর বাংলাদেশকে সুন্দর, স্বচ্ছ ও ইনসাফের দেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।’

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি পদপ্রার্থী মো: সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক বাবুলসহ অন্যান্য নেতাকর্মী।