দোয়ারাবাজারে হেলে রয়েছে বিদ্যুতের ৪ খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হলেও খুঁটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে বিষয়টি স্বীকার করেছে দোয়ারাবাজার পল্লী বিদ্যুৎ অফিস।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Sunamganj
দোয়ারাবাজার উপজেলার চাইরগাঁও এলাকায় কৃষি জমিতে হেলে পড়া বিদ্যুতের খুঁটি
দোয়ারাবাজার উপজেলার চাইরগাঁও এলাকায় কৃষি জমিতে হেলে পড়া বিদ্যুতের খুঁটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাইরগাঁও গ্রামে প্রায় দুই মাস ধরে আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের চারটি খুঁটি হেলে থাকলেও তা মেরামতে কোনো উদ্যোগ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এর মধ্যে সোমবার দুটি খুঁটি ভেঙে জমিতে পড়ে যায়। খুঁটি ভেঙে পড়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুর্ঘটনার আশঙ্কায় কৃষক ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হলেও খুঁটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে বিষয়টি স্বীকার করেছে দোয়ারাবাজার পল্লী বিদ্যুৎ অফিস।

মঙ্গলবার উপজেলার নরসিংপুর–সোনালী চেলা সড়কের চাইরগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, ধানের জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুটি খুঁটি ভেঙে পড়ে রয়েছে। হেলে থাকা অপর দুটি খুঁটি বাঁশ দিয়ে সাময়িকভাবে ঠেকিয়ে রাখা হয়েছে। খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুতের তার নুয়ে কৃষকের জমির ওপর পড়ে আছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় বোরো মৌসুমে কৃষকরা তাদের জমিতে ধানের চারা রোপণ করতে পারেননি।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমদ বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটিগুলো হেলে ছিল। দুর্ঘটনার আশঙ্কায় কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারেননি। পথচারীরাও আতঙ্কের মধ্যে চলাচল করছে। সোমবার দুটি খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আব্দুর রশিদ বলেন, “বিষয়টি আমরা জেনেছি। টেকনিশিয়ান পাঠিয়ে দ্রুত খুঁটিগুলো মেরামতের ব্যবস্থা নেয়া হবে।”