আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসাথে সিফাতের মুক্তির দাবিতে গাছা থানায় গেলে দলটির কয়েকজন নেতাকর্মী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এ ঘটনারও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালত প্রাঙ্গণে এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে সিফাত আব্দুল্লাহর অবিলম্বে মুক্তি, তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, সিনিয়র সদস্য সচিব আব্দুলা আল মহিন, ছাত্রশক্তি গাজীপুর মহানগরের সংগঠক সামিউল আলম নাবিল, ছাত্রশক্তি গাজীপুর জেলার সংগঠক বশির আহমেদ অপু, এনসিপির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান তন্ময় এবং ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরিনা শেখসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত আব্দুল্লাহকে গ্রেফতারের ঘটনা উদ্বেগজনক। তার বিরুদ্ধে মতপ্রকাশ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনে তা নিরপেক্ষভাবে তদন্ত করা যেতে পারে। তবে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে হবে।
তারা বলেন, সিফাতের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রকৃত বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। একইসাথে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে ন্যায়বিচারের সুযোগ দিতে হবে।
এনসিপির নেতারা অভিযোগ করেন, সিফাতের মুক্তির দাবিতে গাছা থানায় গেলে তাদের কয়েকজন নেতাকর্মী হেনস্তার শিকার হন। তারা এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার সমুন্নত রেখেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার নিষ্পত্তি করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।
সিফাত আব্দুল্লাহর মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এনসিপি নেতারা। পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।



