ময়মনসিংহের গফরগাঁওয়ে পুখুরিয়া মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইউসুফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনে থেকে গফরগাঁও উলামা সমিতির ব্যানারে শত শত আলেম-ওলামা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলপূর্ব রেলওয়ে স্টেশন এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ইউসুফ বিন মুনীর ও মাওলানা উবাইদুল্লাহ উদয়পুরীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উলামা সমিতির মুফতী আনোয়ার মাহমুদ, মুফতী আহসানুল্লাহ কাসেমী, মুফতী হেমায়েতুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা মাহাদী হাসান, মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।
এ ছাড়াও এ সময় মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত আন্দোলন গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজী, জমিয়তের উলামায়ে ইসলাম গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মঈনুদ্দিন আল হাবিব উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, গফরগাঁওয়ে উগ্রবাদের কোনো ঠাঁই নেই। আলেম-উলামার ওপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। অন্যথায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে হরদারবাড়ি এলাকায় স্থানীয় কিশোর-যুবকরা ঈদ উপলক্ষে মসজিদের পাশে মেলার আয়োজন করে। গত শুক্রবার বাদ এশার নামাজের সময় উচ্চস্বরে মাইকিং শব্দ বন্ধের প্রতিবাদ করেন মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইউসুফ। এতে কিশোর-যুবকরা ক্ষিপ্ত হয়ে মসজিদের ইমামকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। কিশোর-যুবকদের বেধড়ক পিটুনিতে ওই ইমামের বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
অপরদিকে নাগরিক ব্যানারে শনিবার বেলা সাড়ে ১১টায় দিকে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইউসুফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ একরাম উল্লাহ, খায়রুল উম্মাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক, গফরগাঁও কোর্ট ভবন মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, বরবী ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ বিন মনির, ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা ইমামের ওপর হামলাকারী কিশোর ও যুবকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



