খুলনার কয়রায় বন বিভাগের অভিযানের খবর পেয়ে প্রায় ৭০ কেজি হরিণের গোশত ফেলে পালিয়ে গেছে চোরাশিকারিরা। এ সময় একটি নৌকা, দুটি হরিণের মাথা এবং হরিণ শিকারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।
রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন নদীর চরে গোলবাগান এলাকায় সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কেজি হরিণের গোশত, দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং হরিণ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কাশিয়াবাদ স্টেশনের স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো: নাসির উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের অনুমতিক্রমে উদ্ধার করা হরিণের গোশত কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মাটিতে পুঁতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



