দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী

‘আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা না ঘটে। দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা মেনে রাজপথের কর্মসূচি পরিচালনা করতে হবে। রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন |ফাইল ছবি

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। বিশেষ করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ বা বাংলাদেশ বিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। একইসাথে তিনি দলীয় নেতাকর্মীদের জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে নিষিদ্ধ সংগঠনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল অবস্থান কর্মসূচির আয়োজন করে। এছাড়া চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা না ঘটে। দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা মেনে রাজপথের কর্মসূচি পরিচালনা করতে হবে। রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাসস