কোটালীপাড়ায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে গরুর বাছুর বিতরণ

কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Gopalganj
গরুর বাছুর বিতরণ
গরুর বাছুর বিতরণ |নয়া দিগন্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন গরিব মৎস্যজীবীর মাঝে ৬০টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ এবং মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন।

মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না। অবসর সময়ে এই বাছুর পালন করে আমরা সাবলম্বী হতে পারব।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, ‘দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের যেন আয় বন্ধ না হয়, সেই উদ্দেশেই সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আর সেই বিকল্প কর্মসংস্থান হিসেবে এই বকনা বাছুর বিতরণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতেও জেলেদের মাঝে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

Topics