বরিশালের গৌরনদী উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাউসার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)। সম্পর্কে তারা দু’জন মামাতো-ফুফাতো ভাই।
নিহত শিশু মোহাম্মদ মৃধার নানা মোশারফ হোসেন বলেন, আমার মেয়ে আয়েশা বেগম রোববার (২২ মার্চ) সকালে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে মামা বাড়ি বেড়াতে আসে। আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে রমজান ও মোহাম্মদ উঠানে খেলছিল। সকাল সাড়ে ৯টার দিকে সকলের অগোচরে তারা বাইরে গিয়ে দু’জন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে বাড়ির পাশের ডোবায় গিয়ে তাদের (দুই শিশুর) ভাসমান লাশ দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, দু’জন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



