বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরীন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বিলকিস আক্তার জাহান শিরীন
বিলকিস আক্তার জাহান শিরীন |নয়া দিগন্ত

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে প্রশাসক হিসেবে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

বিলকিস আক্তার জাহান শিরিন ১৯৮৪ সালে ব্রজমোহন (বিএম) কলেজ রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন।

১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন। একই সাথে ১৯৯৬ সালে তিনি বরিশাল জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং ১৯৯৭ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।

২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ২০০৯ সালে বিএনপির বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই বছর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন তিনি।

২০১১ সালে বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন।

তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।