প্রতিমন্ত্রী অমিত

কেবল গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। এরপর থেকে দেশে প্রতিবছর এ কর্মসূচির পরিধি ক্রমেই বিস্তৃত হয়েছে।

Location :

Jashore

যশোর অফিস
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষের সুফল পেতে হলে সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

শুক্রবার যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। এরপর থেকে দেশে প্রতিবছর এ কর্মসূচির পরিধি ক্রমেই বিস্তৃত হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল-কলেজসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

পরে প্রতিমন্ত্রী নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ অন্যান্য অতিথিরা।