দেবিদ্বারে হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী বিথি গ্রেফতার

যুব মহিলালীগ নেত্রী বিথি
যুব মহিলালীগ নেত্রী বিথি |নয়া দিগন্ত

৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা এবং আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি তানিয়া সুলতানা বিথিকে গ্রেফতার করছে দেবিদ্বার থানা পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য এবং দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার সাথে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই মাজারুল ইসলাম ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা নিয়ে অসেন। তিনি দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া সুলতানা বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ছয়টি মামলা রয়েছে।