মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশী পিস্তল-গুলি ও মাদক উদ্ধার

টহল দলটির সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও ভারতীয় মাদক এসকাফ সিরাপ উদ্ধার করেছে।

শনিবার (২৭ জুন) ভোরে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৫টার দিকে সামন্তা বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে দু’জন অজ্ঞাত পরিচয় চোরাকারবারিকে দেখতে পায় টহল দলের সদস্যরা।

টহল দলটির সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি কার্টুনের মধ্যে থেকে ইতালির তৈরি দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।