টাঙ্গাইলের ভূঞাপুরে যত্রতত্র কোরবানির বর্জ্য ও পশুর চামড়া ফেলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় ওসমান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
দণ্ডপ্রাপ্ত ওসমানের বাড়ি উপজেলার বামনহাটা গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, সতর্কতামূলক প্রচারণা ও পূর্ব নির্দেশনা প্রদান সত্ত্বেও ভূঞাপুর উপজেলাধীন পৌর এলাকায় যত্রতত্র কোরবানির বর্জ্য ও পশুর চামড়া ফেলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করছিলেন ওসমান গনি নামে এক ব্যক্তি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলা ও চামড়া সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়াও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।



