মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান বলেন, ‘সংগঠনকে মজবুত করতে হলে মাঠপর্যায়ের নেতৃবৃন্দকে আরো যোগ্যতা অর্জনের জন্য কোরআন-হাদিস এবং সমসাময়িক জ্ঞানে পারদর্শী হতে হবে। পাশাপাশি নৈতিকমানে আরো উন্নত চরিত্রের অধিকারী হয়ে সমাজে আদর্শের প্রতীক হিসেবে ভূমিকা রাখতে হবে।’
নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরিদুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দলীয় শৃঙ্খলা বৃদ্ধি এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে জামায়াতের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা বদরুল আমীন, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি নূরুল্লা ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন ও জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ ওয়াহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাত, পৌর আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী সেক্রেটারি ফজলুল হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সভাপতি সংগঠনের তৃণমূল বা ওয়ার্ডভিত্তিক কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।



