চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করে সিঙ্ক রেসকিউ টিম বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ জানান, দুপুরের দিকে উত্তর জামালপুর এলাকার সিঙ্ক রেসকিউ টিমের হটলাইনে স্থানীয়রা বড় একটি সাপ দেখা যাওয়ার খবর জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আট ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন। এরপর বন বিভাগের সহযোগিতায় মহামায়া লেক সংলগ্ন পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়।
মিরসরাই রেঞ্জের কর্মকর্তা মো: আল আমিন বলেন, ‘বনাঞ্চলে খাবারের সংকট ও পরিবেশগত চাপের কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। উদ্ধার করা সাপটি সুস্থ অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হয়েছে।’



