বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার নাগরিক সমাজের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
রাজনৈতিক ও সামাজিক নেতাসহ নানা পেশার নাগরিকদের উপস্থিতিতে জামায়াতের এ ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই যেখানে সব রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মতভেদ থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে আমরা সবাই একসাথে কাজ করব। সবাই মিলে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চাঁদপুরকে একটি সুন্দর ও উন্নত জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এ শিক্ষা কাজে লাগিয়ে সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সব কিছুই কোরআনে আলোচিত হয়েছে। রোজা রেখে কেউ যদি অন্যায় কাজ করে, অপরের সম্পদ দখল করে, খারাপ কাজ করে তাহলে তার রোজা কবুল হয় না।’
জামায়াতের জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, ‘রমজান মাস কোরআন নাজিলের মাস। মানুষের কল্যাণেই আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, কোরানের বাইরে সব পথই ভুল। মানুষের জীবনের এমন কোনো দিক নেই যে বিষয়ে কোরআনে আলোচনা হয়নি।’
ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানী।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা তোফায়েল হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম ও বাংলাদেশ খেলাফত মজলিসর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।
অনুষ্ঠানে অতিধি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান ও চাঁদপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা: সালেহ আহমেদ।
ইফতার মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন চৌধুরী, পৌর সভাপতি আক্তার হোসেন মাঝি, বিএনপি নেতা ফেরদৌস আলম বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জাহাঙ্গীর আলম ও হারুন আর রশিদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ জেলার নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।



