চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার সীমান্তবর্তী করেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ করেরহাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। একপর্যায়ে একটি হাইস গাড়ি পুলিশের সঙ্কেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করলে গাড়িটি হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় পৌঁছে চালক অবৈধ মালামালসহ গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, এক হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, এক হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) চকলেট এবং দুই হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য চার লাখ ১৫ হাজার ২১০ টাকা।
এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত হাইস গাড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামাল ও গাড়ির মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশের তথ্য পাওয়া যাচ্ছিল। এ কারণে ওই এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়ির মালিক ও চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



