গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে ভাগ্নের গ্যারেজের এক কর্মচারীর ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি এস এম জুলফিকার। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরোনো নাহার সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্বজন ও সহকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক এস এম জুলফিকার অভিযোগ করেন, তার ভাগ্নে মুরাদ মেহেদীর গ্যারেজের কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সামান্য বিষয়কে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা সংঘবদ্ধভাবে তার ওপরও হামলা চালায়।
জুলফিকার আরো অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক কারবারি বিএনপি কর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার ও সবুজ হাওলাদার এবং রিয়াজ উকিল এ হামলা চালান।
অভিযুক্তদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


