সুনামগঞ্জের ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি) কর্তৃক প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী মানবিক সঙ্কট এবং জরুরি পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মেডিক্যাল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেড়গড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
এ সময় চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার বিজিবির সিলেটের মেজর চৌধুরী ইমরান মাহমুদ, তাহিরপুর উপজেলা মেডিক্যাল অফিসার ডাক্তার মো: নাজমুল আরেফিন প্রমুখ।
২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে থাকে। এরই অংশ আজকের ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এর মাধ্যমে অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।



