মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘মানুষের উপকার করার জন্য বিএনপি ক্ষমতায় এসেছে; মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের ভোটে নির্বাচিত হয় নাই।’
মঙ্গলবার (২৮ জুলাই) মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি দলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সহযোগিতার জন্য, দেশের উন্নয়নের জন্য এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার জন্য সরকার গঠন করেছে। মানুষের উপকার করা ও মানুষের হয়রানি বন্ধ করার জন্যই বিএনপি ক্ষমতায় এসেছে।’
এমপি আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন, ‘বর্তমান সরকার দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি মো: আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



