সিলেটে ফিল্মি স্টাইলে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Golapganj

সিলেটের গোলাপগঞ্জে ফিল্মি কায়দায় সশস্ত্র দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশার গতিরোধ করে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই করেছে।

সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। পরে তারা গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে দাঁড়িপাতন চত্বরে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে একটি মোটরসাইকেল অটোরিকশার সামনে এসে দাঁড়ায়। পরে আরো দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর রাজাগঞ্জে যাওয়ার পথে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর আগে গত শুক্রবার দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করলেও এখনো টাকা উদ্ধার করতে পারেনি। তবে নাসিম হোসাইনের দাবি, গ্রেফতার ব্যক্তিরা তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী, প্রকৃত ছিনতাইকারী নয়।