ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান বিরোধ ও সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ আদেশ জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া ও পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে। সাম্প্রতিক সময়ে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।
বুধবার ও বৃহস্পতিবার বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। জারিকৃত আদেশে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইক ব্যবহার, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্টদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ইউএনও ফাতেমা জান্নাত বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিষয়টি সমাধানে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।



