ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের হাট বসানো হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রথম রমজান থেকে ২৫টি দোকান বসানো হয়েছে। স্বাভাবিক বাজার দর হতে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে হাটটিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
হাটে কম দামে পণ্য বিক্রি করায় নিম্ন আয়ের মানুষজন সহজেই তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছেন বলে আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারে ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকা, ৪৫ টাকার ডিম ৩৫ টাকায়, ৩৫০ টাকার কমলা ৩২০ টাকায়, ২৫০ টাকার খেজুর ২২০ টাকায়, ১১০ টাকার ছোলা ৯৮ টাকায়, ১৩০ টাকার চিনি ১২৫ টাকায়, ৫০ টাকার লেবু ৩০ টাকায়, প্রতি পিস আনারস ৩০ টাকার স্থলে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা এমদাদুল্লাহ বলেন, ‘বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিরাজ করছে সেই মুহূর্তে সুলভ মূল্যের এ বাজারটি নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য আশীর্বাদস্বরূপ। বাজার থেকে কমদামে কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে তেল ও গোশত বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হতো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, ‘দোকানে রোজা উপলক্ষে গোশত, শাক-সবজি বিক্রয় করার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানাতে প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। কোনো ধরনের মুনাফা না করে শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এ হাটে। এছাড়া বাজারে বিক্রেতাদের কোনো খাজনা দিতে হবে না। রমজান মাস জুড়েই নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য এ বাজার চালু থাকবে।’



