গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে তথ্যমন্ত্রীর নামাজ আদায়

তথ্যমন্ত্রী বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ।’

জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ
গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ তার নিজ এলাকা বরিশালের গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তথ্যমন্ত্রী উপস্থিত মুসল্লি ও স্থানীয় সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘ঈদ শুধুমাত্র আনন্দের নয়, এটি সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ।’

তিনি আরো বলেন, ‘সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং আমাদের সামাজিক সম্পর্ক আরো সুদৃঢ় হোক, এই প্রত্যাশা করি।’

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরিফ জহির, সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রতিবেদন মিন্টু, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলামিন, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক এস এম জুলফিকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।