কক্সবাজারের ঈদগাঁওয়ে তুচ্ছ বিষয়ে ছুরিকাঘাতে হামিদ (১৯) নামে এক মোবাইল মেকানিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদ জালালাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহর বাড়ির পাশের আবুল কালামের ছেলে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, নিহত হামিদ পেশায় মোবাইল মেকানিক ছিল। কয়েকদিন আগে একই এলাকার ছিদ্দিকের ছেলে সায়েমের নষ্ট মোবাইল ঠিক করে দেয় হামিদ। আজ এ সংক্রান্ত পাওনা টাকা চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাদানুবাদের এক পর্যায়ে সায়েমের মা ও বোন এসে হামিদের উপর চড়াও হয়। একপর্যায়ে হামিদকে পেটে ছুরিকাঘাত করে সায়েম। এরপর এলাকাবাসী হামিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান আরো বলেন, ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক সায়েমকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযুক্ত ব্যক্তিসহ সন্দেহভাজন আরো দু’জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



