বন্ধুদের সাথে বান্দরবান ভ্রমণে যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মো: আখতার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখতার নারায়নগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা এবং মরহুম মোমেন সরকারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি রূপগঞ্জ এলাকায় আরএফএল কোম্পানির সামনে একটি চায়ের স্টল পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আখতার ঈদুল ফিতরের ছুটিতে অবসর সময় কাটাতে বন্ধুদের সাথে বান্দরবন ভ্রমণের পরিকল্পনা করেন। রোববার রাত ১০টার দিকে তিনি ও তার তিন বন্ধুসহ মোট চারজন নিজ নিজ মোটরসাইকেল করে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। কুমিল্লার কোটবাড়ি সড়ক এলাকায় পৌঁছালে আনুমানিক রাত আড়াইটার দিকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় আখতার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা আরেকটি যানবাহন তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কুমিল্লা কোটবাড়ি সড়কের দায়িত্বরত সার্জেন্ট বিষয়টি রূপগঞ্জ থানায় জানান এবং ঘটনাস্থলের ছবি পাঠান। খবর পেয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর তাৎক্ষণিক নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানান।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



