বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে মারতে নাতির ছোড়া হাঁসুয়ার আঘাতে দাদি মর্জিনা বেগমের (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত মর্জিনা উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিম পাড়া গ্রামের মোকাব্বের আলীর স্ত্রী। এবং নাতি আলিফ হোসেন (৭) জামনগর পশ্চিমপাড়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বাড়িতে পালনের জন্য কয়েকটি হাঁসের বাচ্চা কিনেছিল আলিফের মা। সে হাঁসের বাচ্চাগুলো কুকুরে খেয়ে ফেলছিল। ২৭ এপ্রিল দুপুরেও তাদের নিজ বাড়িতে কুকুরটি আবারো এসেছিল। সেই কুকুরকে মারতে ছোড়া হাঁসুয়াটি ছিঁটকে গিয়ে তার দাদির পেটে লাগে। এতে তার পেট গভীর ভাবে কেটে যায়।
তাৎক্ষণিক স্বজনরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



