উৎসবমুখর ভোটে জনগণই দুষ্কৃতকারীদের ঠেকিয়ে দেবে : চট্টগ্রামের ডিসি

প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমেছে ভোট কেন্দ্রগুলোতে। সবাই নির্ভয়ে-নিঃসংকোচে ভোট দিচ্ছেন।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
সাংবাদিকদের সাথে কথা বলছেন ডিসি জাহিদুল ইসলাম
সাংবাদিকদের সাথে কথা বলছেন ডিসি জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, ‘এইবার মানুষের মধ্যে ভোট দেয়ার যে আগ্রহ, মানুষের যে আকুতি, আমার মনে হয় না কোনো ভোট কেন্দ্রে দুষ্কৃতিকারী কিছু করতে পারবে, মানুষই তাদেরকে ঠেকিয়ে দিবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী তো আছিই। আমার মনে হয়, মানুষের যে উপস্থিতি, যেভাবে ঢল নেমেছে মানুষই তাদের আটকিয়ে দিবে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-১৬ আসনের বাঁশখালী উপজেলার সাধনপুর বাণিগ্রাম উউচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

ডিসি বলেন, ‘জাতির অনেক দিনের প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে, প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমেছে ভোট কেন্দ্রগুলোতে। সবাই নির্ভয়ে-নিঃসংকোচে ভোট দিচ্ছেন। যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। আমরা সমগ্র চট্টগ্রামের খবর নিয়েছি, রাইট টাইমে ভোট শুরু হয়েছে। কোথাও আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। মানুষ তার পছন্দমত প্রার্থীকে ভোট দিচ্ছেন।’

তিনি বলেন, ‘কোনো ভোট কেন্দ্র নিয়ে কারো মধ্যে কোনো শঙ্কা নেই। আরেকটা কথা আমি বলি, উৎসব কথাটার সাথেই যে জিনিসটা চলে আসে তা হল সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার অংশগ্রহণ থাকে। আপনারা দেখেছেন, এখানে আমি এইমাত্র দেখে আসলাম, সকল ধর্মগোষ্ঠীর ব্যক্তিরা নিঃসংকোচে ভোট দিতে আসছে। সুতরাং আমরা বলতে পারি যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।’

দুই ঘণ্টায় কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে? আপনার কাছে এখন পর্যন্ত কী তথ্য আছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা দেখলাম যে এখানে প্রায় ১৫% ভোট হয়েছে। তবে আরো অনেক কেন্দ্রে আমরা আরো বেশি লাইন দেখেছি।’