কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের নিচে কাটা পড়ে ছপুরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌরবাজার রেলক্রসিং সংলগ্ন হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছপুরা বেগম উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পশ্চিম বামপাড়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌরবাজার রেলক্রসিং সংলগ্ন হরিপুর এলাকায় পৌঁছালে ছপুরা বেগম রেলপথ অতিক্রমকালে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ নিয়ে যান।
লাকসাম জি আর পি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে এসে নারীর লাশ পাওয়া যায়নি। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন। তারপরও ঘটনাস্থলের সার্বিক কাজ শেষ করে ওই নারীর বাড়িতে গিয়ে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।’



