শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
অবৈধভাবে ভারতে গিয়ে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের লাশ হস্তান্তর করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে বিএসএফ তার লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে লাশটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার বাসিন্দা শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাকে আটক করে সেই দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই গত বৃহস্পতিবার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তার লাশ হস্তান্তর করা হয়।



