নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা: রাজিব আহমেদ চৌধুরী বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

Location :

Chatkhil

নোয়াখালী অফিস
নোয়াখালীর চাটখিল উপজেলায় যুবলীগ কর্মীর গুলিতে মো: শাহদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহাদাতের বড় ভাই যুবদল নেতা মো: হাবীব অভিযোগ করে বলেন, ‘শাহাদাত ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ৫ আগস্টের পর থেকে আমি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিই। ওই স্ট্যাটাসের জের ধরে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন আমাদের দুই ভাইকে নানাভাবে হুমকি-ধমকি দেয়। বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভুঁইয়া ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সাথে বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে যুবলীগ নেতারা শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শাহাদাত তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলি লাগে। পরে লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ‘শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা: রাজিব আহমেদ চৌধুরী বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’