কাঁঠালিয়ায় আগুনে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

খবর পেয়ে কাঁঠালিয়া ও বরগুনা জেলার বামনা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির গোলদারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ও সবুজ গোলদারের বাসভবন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান
আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় আগুনে একটি বসতঘর ও দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সবুজ গোলদার। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যবসায়ী কেন্দ্র আমুয়া বন্দর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমুয়া বন্দরের দক্ষিণ মাথায় এ দুর্ঘটনা ঘটে।

আমুয়া বন্দরের ব্যবসায়ী মো: হুমায়ুন কবির জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমুয়া বন্দরের দক্ষিণ মাথায় আমুয়া চালিতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ব্যবসায়ী এনায়েত হোসেনের ঘরের মধ্য থেকে আগুন জ্বলতে দেখে বন্দরের লোকজন। ব্যবসায়ীদের ডাক-চিৎকারে লোকজন ঝড় হয় এবং স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কাঁঠালিয়া ও বরগুনা জেলার বামনা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির গোলদারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ও সবুজ গোলদারের বাসভবন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল ওয়াদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সঠিক কোনো কারণ জানা যায়নি।’

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে আগুনের কারণ জানা যাবে।