উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে কুয়াকাটার একটি অভিজাত হোটেল আমান অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকা, ঝুঁকি ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে কুয়াকাটার একটি অভিজাত হোটেল আমান অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সামুদ্রিক আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যমান সরকারি আইন ও নীতিমালা, পাশাপাশি এসব বিষয় নিয়ে তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, উত্তরণের ফিশনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী, ফিসনেট প্রকল্পের মিল অ্যান্ড সেভগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন এবং মেরিন ফিশারিজ ও ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার আশিকুর রহমান।

কর্মশালায় কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তবতা তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনায় ছিলেন উত্তরণের অ্যাডভোকেসি অ্যান্ড ফিটনেস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ মিজানুর রহমান।