রাজশাহী ব্যুরো
রাজশাহীতে আদালতের আদেশ অমান্য করে নগরীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদের বেজমেন্টে দোকান ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নির্মাণকাজ বন্ধ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন মসজিদের সাধারণ মুসল্লি ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো: আমিনুর রহমান বাচ্চু।
আমিনুর রহমান বাচ্চু নিজেকে চলমান মামলাগুলোর বাদি ও এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
লিখিত বক্তব্যে আমিনুর রহমান বাচ্চু অভিযোগ করেন, আদালতের স্থিতাবস্থা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্দেশনা উপেক্ষা করে মসজিদের বেজমেন্টে দোকান ও টয়লেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে একাধিক দেওয়ানি, ফৌজদারি ও ভায়োলেশন মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, আরডিএর নির্দেশনা অনুযায়ী, বেজমেন্ট পার্কিং হিসেবে ব্যবহারের কথা থাকলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে ২২-২৩টি দোকান নির্মাণ করে তা বিক্রির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেজমেন্টের দোকানগুলো সিলগালা করা, আদালতের নির্দেশ অমান্যের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুর রহমান বাচ্চু বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের একমাত্র দাবি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসজিদের খতিব আবুল কালাম আজাদ দাবিগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন।
বর্তমান কমিটির সভাপতি ডা: আব্দুর রশিদ এবং সাবেক সভাপতি ডা: ইকবাল বারীও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক জানান, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় ওই ভবনের নকশার অনুমোদন দেয়া হয়নি।



