বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সুফল জাতির দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ হতে হবে।’
তিনি বলেছেন, ‘জনগণের অধিকার পুরো মাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ এই লড়াই-সংগ্রামে জনতার বিজয় অর্জিত হবেই, ইনশাআল্লাহ।’
বুধবার (৩০ জুলাই) রাতে সিলেট মহানগর জামায়াতের ষাম্মাসিক শূরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে তিনি ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিল সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত। নির্বাচনকে প্রাধান্য দিতে গিয়ে সংস্কার ও বিচার প্রক্রিয়াকে সাইডলাইনে ফেলে রাখা জাতি মেনে নেবে না। আমরাও জাতীয় নির্বাচন চাই, কিন্তু গণহত্যার বিচার ও সংস্কার বাদ দিয়ে নয়। জুলাই সনদের নামে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পর জুলাই সনদ বাস্তবায়নে যখন জাতি আশার আলো দেখার কথা, সেখানে নানা অনিশ্চয়তায় জাতি মর্মাহত। একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
বৈঠকে সিলেট মহানগর জামায়াতের শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।



