ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার কোর্টভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল পাশের ত্রিশাল উপজেলার রায়ের গ্রামের মরহুম সুবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভাই ভাই ডিজিটাল প্রেস এর পার্টনার হিসেবে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তোফাজ্জল ব্যবসায়ীক কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে পৌরসভার কোর্টভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত পরিচয় গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।



