খেলতে বের হওয়া দুই শিশুর লাশ মিলল ডোবায়

মৃত দুই শিশু হচ্ছে ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) এবং মো: ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rangunia

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ডোবায় পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হচ্ছে ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) এবং মো: ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তারা একসাথে খেলতে বের হয়। বিকেলে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো: দিদারুল আলম জানান, ‘এদিন দুপুর সাড়ে ৩টার দিকে তারা দু’জন নিখোঁজ হয়। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়।

তিনি বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের বৃষ্টিতে পানিভর্তি হয়ে সমতলের সাথে একাকার হয়ে গেছে। শিশু দু’টি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : বাসস