গজারিয়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

অভিযানে একটি দেশীয় শটগান, তিন রাউন্ড গুলি এবং নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া চরাঞ্চল থেকে নয়ন-পিয়াস ডাকাত দলের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Gazaria
উদ্ধারকৃত অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্র |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গজারিয়া আর্মি ক্যাম্প সূত্র জানায়, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে ১১ ফেব্রুয়ারি রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অভিযানে আকতার ডাকাতের ছেলে ও রিয়াজের বাড়ি থেকে একটি দেশীয় শটগান, তিন রাউন্ড গুলি এবং নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া চরাঞ্চল থেকে নয়ন-পিয়াস ডাকাত দলের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়। তবে অভিযানের সময় রিয়াজকে পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিয়াজ গুয়াগাছিয়া এলাকার চিহ্নিত নয়ন-পিয়াস ডাকাত চক্রের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তার বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা আছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, নয়ন-পিয়াস অনুপস্থিত থাকলে আকতারই চক্রটির কার্যক্রম পরিচালনা করতেন।

অভিযানের একপর্যায়ে নয়ন-পিয়াস ডাকাত দলের সন্দেহভাজন সোর্স জামাল হোসেনকে (৪৪) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নয়ন-পিয়াসকে চেনেন না দাবি করলেও পরে তার সাথে যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্টরা। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।