নাহিদ ইসলাম

সংস্কার পরিষদ গঠন না হলে আবারো রাজপথে নামতে হবে

‘জাতীয় নির্বাচনে যে কারচুপির অভিযোগ উঠেছে, স্থানীয় নির্বাচনে তা প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সংগঠিত কমিটি গড়ে তুলতে হবে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
ইফতার মাহফিলে নাহিদ ইসলাম, নাসিরউদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ
ইফতার মাহফিলে নাহিদ ইসলাম, নাসিরউদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার পরিষদ গঠন না হলে জনগণকে সাথে নিয়ে আবারো রাজপথে আন্দোলনে নামতে হবে।’

তিনি বলেন, ‘১২ তারিখের সংসদ অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠন না করা হয় এবং সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নেয়া হয়, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া জনগণের অধিকার রক্ষায় আবারো রাজপথে নামতে হবে।’

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসনে বিজয় লাভ করে সংসদে পৌঁছেছে। তবে আমাদের প্রত্যাশা ছিল আরো বেশি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কারচুপির মাধ্যমে আমাদের বেশ কয়েকজন প্রার্থীকে পরাজিত করা হয়েছে। বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম ও দিনাজপুরের আহাদসহ কয়েকজন নেতার ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার গঠনের দিনই জনগণের সাথে করা কমিটমেন্ট ভঙ্গ করা হয়েছে। এখন বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা চলছে এবং সমালোচনা করলে মামলা দিয়ে হয়রানির পরিবেশ তৈরি করা হচ্ছে।’

দেশে জ্বালানি সঙ্কট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘পেট্রল পাম্পে সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না। দেশের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। এ সঙ্কট মোকাবেলায় সরকারকে সব রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে যে কারচুপির অভিযোগ উঠেছে, স্থানীয় নির্বাচনে তা প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সংগঠিত কমিটি গড়ে তুলতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।