চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রামকে শোষণমুক্ত, শান্তিময় ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষ অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। আমরা ক্ষমতায় গেলে নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম-৯ আসনের দলীয় নির্বাচন পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, নেজাম ইসলাম পাটির কেন্দ্রীয় আইন বিষয়ক কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, ফারুকে আজম ড. আ ম ম মাসরুর হোসাইন, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চট্টগ্রাম-৯ আসনের দলীয় নির্বাচন পরিচালনার কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণের সভাপতি হামিদুর ইসলাম প্রমুখ।
এতে জামায়াত ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ডা. একেএম ফজলুল হক একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।



