সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দু’টি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়ন। এ সময় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটক রাসেল ইসলামের বাড়ি থেকে বিজিবি একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি কষ্টিপাথর মূর্তি উদ্ধার করা হয়।
আটক রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।
বিকেলে প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায়ক লে: কার্নেল লতিফুল বারী।
মূর্তি দু’টির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা বলে বিজিবি পক্ষ থেকে জানানো হয়।
২০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল লতিফুল বারী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি মূর্তি উদ্ধার করা হয়।‘


