গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

শনিবার (১ আগস্ট) বিকেলে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বহদ্দারহাট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বিক্ষোভ সমাবেশ শেষে নগরিতে গণমিছিলের আয়োজন করে মহানগর জামায়াত
বিক্ষোভ সমাবেশ শেষে নগরিতে গণমিছিলের আয়োজন করে মহানগর জামায়াত |নয়া দিগন্ত

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বহদ্দারহাট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু আজও জনগণ দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক রাষ্ট্র পায়নি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘তৎকালীন সরকার কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন চালিয়েও আন্দোলন দমাতে পারেনি। আন্দোলনে মূল ভূমিকা রাখায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে দেশের স্বার্থে জামায়াত ধৈর্য ধরে স্বৈরাচার পতনের আন্দোলনে অবিচল ছিল। বর্তমানে চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে।’

চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগরী দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, জামায়াত নেতা শফিউল আলম ও শহীদ ফয়সাল আহমেদ শান্তের বাবা জাকির হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, শহীদ ওসমান হাদিসহ সব হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম থামবে না।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম জুলাই আন্দোলনের সব শহীদকে সমান মর্যাদা এবং আহত ও নির্যাতিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানান।