ভারতকে উদ্দেশে কর্নেল অলি

বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলে পুশইন বন্ধ করুন

‘আপনাদের (ভারতের) দাসী (শেখ হাসিনা) তো আপনাদের কাছে চলে গেছে। এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠিয়ে নেন।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর জিলা স্কুল মাঠে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম
রংপুর জিলা স্কুল মাঠে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম |নয়া দিগন্ত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনাদের (ভারতের) দাসী (শেখ হাসিনা) তো আপনাদের কাছে চলে গেছে। এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠিয়ে নেন। পুশইন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলব ক্যালকাটা দখল করব।’

শনিবার (১১ জুলাই) বিকেলে বৃষ্টিস্নাত রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে সমাবেশের আয়োজন করে ১১ দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

দুপুরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর পরই শুরু হয় তুমুল বৃষ্টি। মঞ্চ থেকে আহ্বান করা হয় মাঠে থেকে যাওয়ার। বৃষ্টিতে ভিজেই ৩ ঘণ্টা মাঠে থাকেন নেতাকর্মীরা।

বক্তব্যে সরকারের কড়া সমালোচনা করেন ১১ দলীয় জোট নেতারা। মনে করিয়ে দেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিস্ট হলে পালাবার সময় পাওয়া যাবে না।

এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না? তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন দুইটা প্লেন কিনি আপনাদের পেটের মধ্যে মোচড়ানি শুরু হয়ে যায়।’

অলি বলেন, ‘আপনারা যখন প্লেন কিনেন আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনব না হেলিকপ্টার কিনব, না ট্যাংক কিনব, না আর্টিলারি কিনব—এটা তো আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না।’

এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।

রংপুর বিভাগের আট জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বৃষ্টির কারণে সমাবেশে বিঘ্ন হলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা।