মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই সম্পর্কে খালাতো বোন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরী হলো উপজেলার মাদবরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামে মো: আজিজুল হক সরদারের মেয়ে আতিকা আক্তার (১৩) ও পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের মো: ফারুক ফরাজীর মেয়ে জান্নাত আক্তার (১৩)। গুরুতর আহত হলো পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের মো: শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। তারা তিনজন নানা বাড়ি বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার স্বীকার হন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে গোসল করতে নানা বাড়ির পাশের পুকুরে নামে আতিকা, জান্নাত ও লাবিবা। গোসলের একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় তারা। ঘটনার দুই ঘণ্টা পর ৩টার দিকে আতিকা ও জান্নাতকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তল্লাশি করে লাবিবাকে উদ্ধার করা হয়। পরে তিনজনকেই উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ইমারজেন্সি মেডিক্যাল অফিসার পরীক্ষা-নিরীক্ষা করে আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত দুইজনের লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। আহত লাবিবাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।



