নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তন্ময় জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মরহুম শাহাদাত হোসেন জোনাকির ছেলে।
নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, ‘সকাল ৯টার দিকে নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে নওগাঁর দিক থেকে আসা বি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



