ঈদের দিন পদ্মা সেতুতে টোল আদায় ২ কোটি টাকা

ঈদের দিনে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছে দুই কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা। এ সময় ২১ হাজার যানবাহন সেতু পারাপার করেছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)
পদ্মা সেতু টোল প্লাজা
পদ্মা সেতু টোল প্লাজা |নয়া দিগন্ত

ঈদে ঘরমুখো মানুষের ছুটে চলা অনেকটা শেষ হলেও গতকাল বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিনে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছে দুই কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা। এ সময় ২১ হাজার যানবাহন সেতু পারাপার করেছে।

শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে পদ্মা সেতুর সাইট অফিস থেকে নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় মাওয়া প্রান্ত দিয়ে ১২ হাজার ৩০৭টি ও জাজিরা প্রান্ত দিয়ে আট হাজার ৫০৮টিসহ দুই প্রান্ত দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২০ হাজার ৮১৫টি। উভয় প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে দুই কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা।

তবে আজ শুক্রবার টোলপ্লাজাগুলোতে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে রোববার থেকে বুধবার এই চার দিনে পদ্মা সেতু দিয়ে এক লাখ ৬০ হাজার ৬৭৪টি যানবাহন পারাপার করে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১৮ কোটি চার লাখ আট হাজার ২০০ টাকা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন নয়া দিগন্তকে জানান, গত ঈদুল ফিতরের মতো এবারো পদ্মা সেতুতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। আজও সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে ঈদের লম্বা ছুটি থাকায় আরো বেশ কয়েকদিন পর ফিরতি পথে কর্মস্থলে ফেরার চাপ বাড়তে পারে।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের পদ্মা সেতু দিয়ে দূরপাল্লার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় সেতু কর্তৃপক্ষের আগেভাগেই ব্যাপক প্রস্তুতি ও সেতুর উভয় প্রান্তে মোট ১৯টি টোলবুথ সার্বক্ষণিক সচল থাকায় যাত্রীসাধারণ নির্বিঘ্নে এবং স্বস্তিতেই সেতু পাড়ি দিচ্ছেন।