কক্সবাজার-১ আসনে ১৭৭ ভোটকেন্দ্রের ৯৫টিই ঝুঁকিপূর্ণ

চকরিয়া উপজেলায় মোট ভোটার তিন লাখ ৮৬ হাজার ৪৯০ জন এবং পেকুয়া উপজেলায় মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ছয়টি।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
কক্সবাজারের ম্যাপ
কক্সবাজারের ম্যাপ |ফাইল ছবি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ১৭৭ ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টিই ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। এ আসনে দুই উপজেলার ১৭৭টি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ‘চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ১৩০ ভোটকেন্দ্র। তার মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ৫৫টি কেন্দ্রকে সাধারণ ক্যাটাগরিতে নির্ণয় করা হয়েছে।’

এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিরাপত্তার দায়িত্ব পালনে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।

এছাড়া ভোটকেন্দ্রভিত্তিক অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রত্যেকটি জনপদের সাধারণ মানুষের সাথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণসংযোগ করেছেন এবং সচেতনতা বৃদ্ধির কাজ করা হয়েছে।

এদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম মাহবুব জানান, পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭টি। তার মধ্যে ছয়টি অধিক ঝুঁকিপূর্ণ, ১৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৭টি সাধারণ ক্যাটাগরির। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে, তার মধ্যে তিনজন অস্ত্রধারী আনসার। প্রতিটি কেন্দ্রে পুলিশ থাকবে পাঁচ থেকে ছয়জন করে, তার মধ্যে তিনজন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবেন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে। তাছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব পুলিশের আলাদা আলাদা টিম নির্বাচনী দায়িত্বে থাকবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৩০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু এবং ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন করা হয়েছে।

জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রশাসন আশাবাদ ব্যক্ত করে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ভোটার তিন লাখ ৮৬ হাজার ৪৯০ জন এবং পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ছয়টি।